ইতালীর নাগরিক সিজার তাভেল্লার হত্যার ঘটনায় বিশ্বের প্রভাবশালী দেশের নিরাপত্তা সতর্কতার মধ্যে এবার জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাপানি নাগরিকের নাম হোসি কমিও (Hossi comeo) (৫৮)।
শনিবার সকাল দশটার দিকে রংপুরের মাহিগঞ্জের আলুতড়ি এলাকার নাচনিয়া বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে রংপুরের পুলিশের এক কর্মকর্তা জানান, জাপানি সাহায্যে পরিচালিত একটি কৃষি প্রকল্প উন্নয়নের কাজে পরিদর্শনে তিনি রংপুরে এসেছিলেন।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ জানান, খবর পেয়ে কোতয়ালী, কাউনিয়া ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন বলেন, হোসিকমিও এক বছরের ভিসা নিয়ে রংপুর এসেছিলেন। চার মাস ধরে রংপুরের মাহিগঞ্জে অবস্থান করে একটি কৃষি প্রকল্পে কাজ করছিলেন। তবে এই জাপানি নাগরিকের অবস্থান সম্পর্কে পুলিশকে আগে থেকে কিছু জানানো হয়নি।
এএসপি আরো বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি জাপানি নাগরিক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিতে হোসিকমিওর মৃত্যু হয়েছে। তাঁর বুকে, পাজরে ও হাতে গুলি লেগেছে। তাঁর হাতের রগ কেটে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তাঁর হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঠিক সেই মুহূর্তে রংপুরে একই ধরনের ঘটনা ঘটল।
নিজস্ব প্রতিনিধি, রংপুর
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


